ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ আক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫টার দিকে সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মোঃ মেহেদী ইসলাম এবং রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ.আইচ. এম সালাউদ্দিনের নেতৃত্বে একটি অভিযানিক দল উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায়। এ সময় অস্ত্র আইনের মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি মোঃ শামীম মিয়া (৪০) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরে তাকে থানায় নিয়ে আসার পথে পূর্বপরিকল্পিতভাবে ১৫০ থেকে ২০০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র-শস্ত্রসহ রাস্তায় মব সৃষ্টি করে। তারা রাম-দা, লোহার পাইপ, ছোরা ও লাঠিসোটা নিয়ে পুলিশের সরকারি গাড়ি অবরোধ করে এবং দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা আসামি শামীম মিয়াকে ছিনিয়ে নিয়ে যায়।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জের ব্যবহৃত সরকারি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পরপরই রূপগঞ্জ থানা পুলিশ, পুলিশ লাইন্সের অতিরিক্ত ফোর্স, র্যাব ও বিজিবির যৌথ অংশগ্রহণে সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃত ১৩ জনসহ ৪০ জন এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও পুলিশ আক্রান্তের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।