নারায়ণগঞ্জ প্রতিনিধি:
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গিবাদ, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে র্যাব। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রমের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে বাহিনীটি।
র্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার মাধ্যমে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় বিষয়টি আলোচনায় আসার পর র্যাব-১১, সিপিসি-১ নারায়ণগঞ্জ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে ২০২৬) র্যাব-১১ পৃথক পৃথক অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ সদর থানাধীন রাসেল পার্ক এলাকায়। অভিযানে অনলাইন জুয়ার ২ জন এজেন্টসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— অনলাইন জুয়ার এজেন্ট মোঃ ছোয়াদ (২৬), সহযোগী হৃদয় চন্দ্র সাহা (২৮) ও জসিম উদ্দিন (২৫)। অপর অভিযানে গ্রেফতার হয় অনলাইন জুয়ার আরেক এজেন্ট মোঃ রবিন বেপারী (২৪) এবং তার সহযোগী মোঃ মৃদুল (১৯) ও মোঃ অহিদুল ইসলাম ইমন (২৮)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ আরও জানায়, অনলাইন জুয়া ও সাইবার অপরাধের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।